চকরিয়ায় আগুনে পুড়ে একজনের মৃত্যু, নয় দোকান ভস্মীভূত
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদসংলগ্ন স্টেশনে গতকাল শনিবার ভোর সাড়ে চারটায় অগ্নিকাণ্ডে নয়টি দোকান ভস্মীভূত হয়েছে। ওই সময় দোকানের ভেতর ঘুমিয়ে থাকা মো. মফিজ (১২) নামের এক কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছে।
মফিজ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া গ্রামের মোহাম্মদ মানিকের ছেলে।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই চায়ের দোকানসহ নয়টি দোকান পুড়ে গিয়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নেভায়।
দুটি সার ও একটি মুদির দোকানসহ জনৈক শওকত আলীর ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। তিনি প্রথম আলোকে বলেন, আগুন তাঁর সবকিছু কেড়ে নিয়েছে। তাঁর দোকানের কর্মচারীও দগ্ধ হয়ে মারা গেছেন। ৫০০ বস্তা চাল, ১০০ বস্তা ভুসি, ৩৭৫ বস্তা ইউরিয়া, ৩০০ বস্তা টিএসপি, ২৫ বস্তা এমওপি সার ও মুদির দোকানের মালামাল পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া অন্য তিনটি দোকানেও অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন চৌধরী বলেন, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে একে একে নয়টি দোকান পুড়ে যায়। ওই সময় সারের দোকানে ঘুমিয়ে থাকা এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও ব্যাপক ক্ষতি হতো।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, পুড়ে যাওয়া দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈির শেষে মফিজের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীতে পাঁচ দোকান পুড়ে ছাই
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী শহরের সোনাপুর কাঠপট্টিতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে গেছে। গতকাল শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া সাতটার দিকে সোনাপুর কাঠপট্টির বাবুলের চা-দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাবুলের চা-দোকান ছাড়াও আলিফ এন্টারপ্রাইজ, সবুজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আমজাদ অটোরিকশা গ্যারেজসহ পাঁচটি দোকান সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন মাইজদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. কবির আহম্মদ। প্রথম আলোকে তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে চা-দোকানের বৈদু্৵তিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়া চলছে।