চকরিয়ায় আগুনে পুড়েছে চারটি বসতঘর, দগ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন একজন। তাঁর নাম মফিজুর রহমান (২৮)। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ মফিজুরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মাইজ কাকারা গ্রামে পাশাপাশি চার ঘরে থাকেন কবির আহমদের চার ছেলে মো. হাসান, মফিজুর রহমান, আবদুল আজিজ ও মো. বুলেট। গতকাল বিকেল পাঁচটার দিকে হাসানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের তিনটি বসতঘরেও ছড়িয়ে পড়ে। তখন ঘরে ছিলেন মফিজুর রহমান। ঘর থেকে বের হওয়ার সময় তিনি আগুনে দগ্ধ হন।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত উসমান বলেন, চারটি বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। চারটি পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
গতকাল সন্ধ্যায় চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।