চকরিয়ায় ইউরিয়া সারের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। এতে বোরো ও সবজির চাষ ব্যাহত হচ্ছে।
উপজেলা সার ডিলার সমিতির (ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) সভাপতি ফজল করিম বলেন, গত বছর জানুয়ারি মাসে এক হাজার ৩৭০ মেট্রিক টন ও ফেব্রুয়ারি মাসে এক হাজার ৩০০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৮৫০ মেট্রিক টন করে এক হাজার ৭০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। ৯৭০ মেট্রিক টন সার কম বরাদ্দ পাওয়া গেছে। এখন সারের জন্য কৃষকের মাঝে হাহাকার চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, মাতামুহুরী নদীতে দুটি স্থায়ী রাবার ড্যাম নির্মাণের ফলে চলতি বছর সেচসুবিধা নিশ্চিত হওয়ায় উপজেলায় সাড়ে ৪৭ হাজার একর জমিতে বোরো ও ১২ হাজার একর জমিতে সবজির চাষ হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছর চাষের পরিমাণ বেড়ে যাওয়ায় সারের চাহিদাও বেড়ে গেছে। তিনি বলেন, গত ২০ জানুয়ারি উপজেলা সার ডিলার সমিতি অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে আবেদন করে। আবেদনটি জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন বলেন, চাষের পরিমাণ বেড়ে যাওয়ায় ইউরিয়া ও টিএসপি সারের সংকট দেখা দিয়েছে। গত সপ্তাহে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।