চকরিয়ায় উচ্ছেদ
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় গত মঙ্গলবার ও বুধবার দুই দফা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন শতাধিক ভাসমান দোকান ও ১৫টি পরিবহন কাউন্টার উচ্ছেদ করেন।
এ সময় মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করার অপরাধে ১৩৭টি মামলা করা হয়েছে। এতে জরিমানা আদায় করা হয় ৮৫ হাজার ৯০০ টাকা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যানজট নিরসনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভা অংশের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। ইউএনও মো. মোয়াজ্জম হোসাইন বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে ও পৌর শহরের সৌন্দর্য রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।