চকরিয়ায় উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম!
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান ও রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬ জন শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তি দেওয়ার সময় কোচিং ক্লাসের নামে কেটে নেওয়া হয়েছে ২০০ টাকা করে।
অন্যদিকে রিংভং দক্ষিণ পাহাড় প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ জন শিক্ষার্থীর নামে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলেও উপবৃত্তি বিতরণ করা হয়েছে ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে। বাকি ৩২ জন শিক্ষার্থী এখন ওই বিদ্যালয়ে পড়ালেখা করে না। তাদের প্রাপ্য নয় হাজার ৬০০ টাকার কোনো হিসাব দেখাতে পারেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা বেগম।
তবে তিনি দাবি করেন, ওই ৩২ জন শিক্ষার্থী তাঁর বিদ্যালয়ে লেখাপড়া না করলেও বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সরকারি দপ্তরে তাদের নাম এখনো রয়েছে। তাই তাদের নামে টাকা উত্তোলন করা হয়েছে। তাদের টাকাগুলো অভিভাবকের হাতে দেওয়া হয়েছে।
অভিভাবকেরা দাবি করেন, তাঁদের ছেলেমেয়েরা অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে উপবৃত্তির টাকা নেওয়ার জন্য তাদের কোনো দিন ডাকা হয়নি।
জানা গেছে, ২০১৩ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের উপবৃত্তির টাকা গত ১৯ ফেব্রুয়ারি বিতরণ করা হয়। ওই দিন চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ জন ও রিংভং দক্ষিণ পাহাড় প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯ জন শিক্ষার্থীর জন্য মোট ৮২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
ব্যাংক কর্মকর্তাদের বিদ্যালয়ে উপস্থিত থেকে টাকা বিতরণের নিয়ম থাকলেও তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে উপবৃত্তির টাকা তুলে দিয়ে চলে গেছেন।
পাঁচজন অভিভাবক অভিযোগ করেন, ব্যাংক কর্মকর্তারা এ সুযোগটি বিদ্যালয় শিক্ষকদের দেওয়ায় শিক্ষকেরাও তাঁদের চার হাজার টাকা উপঢৌকন দিয়েছেন।
জানতে চাইলে জনতা ব্যাংক চিরিঙ্গা শাখার ব্যবস্থাপক মো. শফিউল আলম বলেন, ব্যাংকের কর্মকর্তারা বিদ্যালয়ে উপস্থিত থেকে উপবৃত্তির টাকা বিতরণের কথা। ওই দুটি বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণের সময় কর্মকর্তারা উপস্থিত না থাকার বিষয়টি তিনি দেখছেন বলে জানান।
রিংভং দক্ষিণ পাহাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন ও শফিউল কাদের বলে, তারা অন্য বিদ্যালয়ে চলে যাওয়ার পর উপবৃত্তির কোনো টাকা পায়নি।
চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইসমত আরা ও শাওরিন জান্নাত অভিযোগ করে, তারা তিন মাসে ৩০০ টাকা করে উপবৃত্তি পাওয়ার কথা। কিন্তু কোচিংয়ের কথা বলে তাদের কাছ থেকে ২০০ টাকা কেটে রেখে ১০০ টাকা দেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকরাম উল্লাহ চৌধুরী বলেন, উপবৃত্তির টাকা বিতরণে কোনো প্রকার অনিয়ম হয়ে থাকলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।