চকরিয়ায় ওসিসহ আট পুলিশ আহত, সাত ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে একদল ডাকাতের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের আট সদস্য আহত হয়েছেন। চারটি আগ্নেয়াস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চকরিয়া-বদরখালী সড়কের বাটাখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাকাত দলটিতে অন্তত ২০ জন সশস্ত্র সদস্য ছিল। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গুলি বিনিময় চলে। এ সময় আহত হন ওসি মোহাম্মদ ফরহাদ, উপপরিদর্শক (এসআই) মো. সাহেদ উদ্দিন, বখতিয়ার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন, আবদুল আলীম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান পাটোয়ারী, মোহাম্মদ অহিদ ও কনস্টেবল তারেক। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গ্রেপ্তার করা ডাকাতেরা হলেন, চকরিয়ার ডুলাহাজারার ডুমখালী এলাকার আমির হোসেন (৩০) ও হেলাল উদ্দিন, বদরখালীর ২ নম্বর ব্লকের মোরশেদ আলম, পূর্ব নতুন ঘোনার মোহাম্মদ আনছার, আনোয়ার হোসেন, গুদামপাড়ার মোহাম্মদ বাদশা ও সাতডালিয়া পাড়ার মো. ইউনুস। তাঁদের কাছ থেকে দুটি বন্দুক, একটি এলজি ও একটি পাইপগান, ১২টি কার্তুজ, একটি লম্বা কিরিচ, দুটি ছোরা ও দুটি ক্ষুর উদ্ধার করা হয়েছে।ওসি মোহাম্মদ ফরহাদ প্রথম আলোকে জানান, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও পুলিশের ওপর হামলার এ ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।