চকরিয়ায় ওসিসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থানার ওসি ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে গতকাল বুধবার বিচারিক হাকিমের আদালতে মামলা হয়েছে। বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার বাসিন্দা সাহাব উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে চকরিয়া পৌরসভায় মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে হরতাল-সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। পুলিশ বাদী হয়ে মামলা করে।পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সাহাব উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি। তিনি গতকাল পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের পর চকরিয়া বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সাহাব উদ্দিনের দায়ের করা মামলার আসামিরা হলেন: ওসি রণজির‌্যা কুমার বড়ুয়া, ওসি (তদন্ত) নিয়ামত উল্লাহ, উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন, গোলাম মোস্তফা ও নাছির উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাকিম ও শিমুল বড়ুয়া, কনস্টেবল মঞ্জুরুল ইসলাম, নুর আলম, সুপম তালুকদার, ফরিদ উদ্দিন আহমদ, গৌতম বড়ুয়া, হিমেল বিশ্বাস, আবুল হাসেম, সেফাউল, নেছার আহমদ ও মঞ্জুরুল। এ ছাড়া অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে মামলায় আসামি দেখানো হয়। মামলার আরজিতে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে পুলিশের লাঠিপেটায় মাদ্রাসার ছাত্ররা আহত হয়। প্রতিবাদে স্থানীয় জনতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ ওই দিন রাতে জালিয়া পাড়ার ৬০ থেকে ৭০টি ঘরে লুটপাট ও ভাঙচুর চালায়। চকরিয়া থানার ওসি রণজির‌্যা কুমার বলেন, পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি তাঁর জানা নেই।