চকরিয়ায় কবরস্থানের গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত-১৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে একটি মাজারের (কবরস্থান) গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আহমদ কবির (৪২), কফিল উদ্দিন (৩৬), মৌলভী আশেক আহমদ (৪৫) ও নাজেম উদ্দিনকে (৪৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক যুগ ধরে কাকারা ইউনিয়নের হজরত শাহ্ ওমর (রা.) মাজারসংলগ্ন কাকারা কেন্দ্রীয় কবরস্থানটি এলাকার লোকজন কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত ৯ একর ৮০ শতক জমির ওপর কবরস্থান, মসজিদ, মাজার, জানাজার মাঠ ও বেশ কয়েকটি পুকুর রয়েছে। কবরস্থানজুড়ে রয়েছে হরেক প্রজাতির বৃক্ষরাজি। কিন্তু মাজার কমিটির লোকজন কয়েক দিন ধরে অর্ধশতাধিক গাছ কেটে বিক্রি করেন। গতকাল দুপুরে এর প্রতিবাদে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। দুপুর সাড়ে ১২টায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় গ্রামের বাসিন্দা আমিনুল হক বলেন, সরকারি অনুদানে কবরস্থানের এসব গাছ লাগানো হয়েছিল। এখন মাজারের সম্পত্তি (গাছ) বিক্রি করে আত্মসাতের চেষ্টা চলছে। মাজার কমিটির খাদেম মৌলভী মোহামঞ্চদ ইদ্রিচ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, মসজিদ সংস্কারের জন্য টাকার প্রয়োজন হওয়ায় কবরস্থানের কিছু গাছ কাটা হচ্ছে। এ নিয়ে লোকজন তাঁদের ওপর হামলা চালায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বিকেলে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাজার এলাকা থেকে সংঘর্ষে ব্যবহূত বেশ কিছু লাঠি উদ্ধার করেছে পুলিশ।