চকরিয়ায় কাঁচাবাজারে আগুন, ৫৬ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাঁচাবাজারে লাগা আগুনে অন্তত ৫৬টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো চক্র সেখানে আগুন লাগিয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, একটি মুদির দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী, গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়। আগুনে নয়টি মুদির দোকান, একটি মুঠোফোনের দোকান, পাঁচটি মুরগির দোকান, চারটি শুঁটকির দোকান, আটটি মাছের দোকান ও ২৯টি সবজির দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মুদির দোকানি আবদুল মালেক (৩২) দাবি করেন, আগুনে তাঁর দোকানের অন্তত তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে। কোনো চক্র আগুন ধরিয়ে দিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।