চকরিয়ায় গণপিটুনিতে এক ডাকাত নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢলনী গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ ছাড়া ডাকাতদের ছোড়া গুলি, ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে অন্তত ১৫ জন গ্রামবাসী আহত হয়েছেন। নিহত ডাকাতের নাম আনর আলী (২৮)। তাঁর বাড়ি একই উপজেলার ঈদমনি গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ঢলনী গ্রামের এক বাড়িতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। গৃহকর্তা মুঠোফোনে তাঁর বাবা, আত্মীয়স্বজন ও পাড়াপড়শিকে বিষয়টি জানিয়ে দেন।ডাকাতেরা বাড়ির বারান্দার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এদিকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ডাকাতদের ঘেরাও করে। একপর্যায়ে ডাকাতেরা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় গ্রামের ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে কুতুব উদ্দিন (৩০), আকবর আহমদ (৬০), মোহাম্মদ মাসুম (১৯), জমির উদ্দিন (৫০), মো. আরিফ (২০), আবদুর রহিম (২৫) ও সিরাজ আহমদকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।