চকরিয়ায় গর্জন কাঠ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ার খুটাখালী শান্তিবাজার এলাকায় প্রায় ৬০ হাজার টাকার গর্জন কাঠ আটক করেছে বন বিভাগ। এই কাঠ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আবদুল্লাহ জিরি এলাকা থেকে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন উজাড়ের পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখছে সংস্থাটি।
গত বৃহস্পতিবার সকালে পিকআপ-ভর্তি এই কাঠগুলো উদ্ধার করে ফাসিয়াখালী বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। কাঠ জব্দ করার ঘটনায় আদালতে একটি মামলা করা হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক জগলুল হোসেন বলেন, চকরিয়া মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানের শতবর্ষী গাছগুলোর দিকে অনেকের চোখ রয়েছে। সে কারণে গাছগুলো জব্দের পর সেগুলো জাতীয় উদ্যান থেকে আনা হয়েছে কি না, সেটির খোঁজ নেওয়া হচ্ছে। এই গাছ কাটার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হক মাহবুব মোরশেদ বলেন, প্রায় ৬০ হাজার টাকার কিছু গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে। তবে এই কাঠগুলো চকরিয়া মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানের নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসব কাঠ নাইক্ষ্যংছড়ির আবদুল্লাহ জিরি এলাকা থেকে আনা হচ্ছিল। জব্দ করা কাঠগুলো লম্বায় নয় ফুট এবং ব্যাস দেড় ফুট বলে তিনি জানান।