কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মোড় এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী একটি জিপগাড়ির চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতা গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চার ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী।নিহত শিশু নিশাত সুলতানা (৯) ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের খন্দকারপাড়ার মোর্শেদুল আলমের মেয়ে। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকা থেকে একটি জিপগাড়ি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বান্দরবানের আলীকদম যাচ্ছিল। ফাঁসিয়াখালী রাস্তার মোড় এলাকায় এলে গাড়িটি নিশাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। এ সময় গাড়ির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে ক্ষুব্ধ লোকজন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ইটপাটকেল ছুড়ে পাঁচটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়। এরপর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ লোকজনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। সন্ধ্যা ছয়টায় প্রশাসনের পক্ষ থেকে ফাঁসিয়াখালীতে গতিরোধক নির্মাণ ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।স্থানীয় লোকজন বলেন, মহাসড়কের ফাঁসিয়াখালী রাস্তার মাথায় দুটি বিদ্যালয় রয়েছে। পাথর ব্যবসায়ীরা সড়কের দুই পাশ দখল করে রাখায় ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়কের ওপর দিয়ে চলতে হয়। এ অবস্থায় কয়েক দিন পর পর বেপরোয়া গাড়িচালকদের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ সন্ধ্যায় জানান, জিপগাড়িটি জব্দ করা হয়েছে। নিহত ছাত্রীর লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। সন্ধ্যা ছয়টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।