চকরিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কোচপাড়ার রোহিঙ্গাপিল্লতে গত শনিবার রাত ১২টার দিকে রমিজা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী আবুল কাশেম ওরফে কালা মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে৷
গতকাল রোববার কালা মিয়াকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন৷
এলাকাবাসী জানান, রমিজা খাতুন ও কালা মিয়ার ঘরে এহসান হাবিব নামের সাত মাসের একটি সন্তান রয়েছে৷ শনিবার ওই সন্তানকে গরুর দুধ খাওয়ানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে কালা মিয়া তাঁর স্ত্রীকে বেদম প্রহার করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন৷
কালা মিয়া থানা হাজতে প্রথম আলোকে বলেন, ‘আমি রমিজাকে হত্যা করিনি৷ সে আত্মহত্যা করেছে৷ আমি তার অবস্থা আশঙ্কাজনক মনে করে নিজেই তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷’
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা প্রথম আলোকে বলেন, রমিজা খাতুনের সুরতহাল প্রতিবেদন তৈির করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে৷ তবে শরীরের আর কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না৷ তাই কালা মিয়াকে ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো হয়েছে৷