চকরিয়ায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি চিংড়ি ঘের দখল নিয়ে এক পক্ষের গুলিতে একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার উপজেলার বদরখালী মৌজার এসডিএফ ঘোনায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভূমি কার্যালয় সূত্র জানায়, ওই এলাকার ৭২৮ একর সরকারি চিংড়ি ঘের দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ইজারা ছিল। গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ায় ইজারা বাতিল হয়। জানা গেছে, ঘের দখল নিতে বদরখালী কৃষি সমবায় ও উপনিবেশ সমিতি, দরবেশকাটা ভূমিহীন সমিতি ও ক্ষমতাসীন দলের দুটি পক্ষ চেষ্টা চালাচ্ছে। বদরখালী সমিতির সশস্ত্র লোকজন বুধবার ঘেরটির ৩০০ একর জায়গা দখলে নেয়। এ সময় আগে দখলে থাকা দরবেশকাটা ভূমিহীন দলের লোকজনকে হটাতে তারা গুলি চালায়। গুলিতে রিদুয়ানুল হক (২৬) নামের এক যুবক নিহত হন। এ ছাড়া দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ইসমাইল গুলিবিদ্ধ হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন।এ ঘটনায় নিহত রিদুয়ানুলের বাবা আহমদ হোসেন ৩৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। জিয়াবুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এ হত্যা মামলায় দৈনিক দিনকাল-এর চকরিয়া প্রতিনিধি ওমর আলীসহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বদরখালী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ঘের দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা আইনগতভাবে ঘেরটি পাওয়ার চেষ্টা করছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ঘেরের দখল নিয়ে খুনের ঘটনা ঘটেছে।