চকরিয়ায় চিংড়ি ঘেরে মড়ক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন শতাধিক চিংড়ি প্রকল্পে মড়ক দেখা দিয়েছে। চিংড়িচাষিদের ভাষ্যমতে, এতে দেড় মাসে শতকোটি টাকার চিংড়ি মরে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, চকরিয়ার রামপুর, চরণদ্বীপ, বদরখালী, ইলিশিয়া, বহলতলী ও খুটাখালী এলাকার ৫৮৫টি চিংড়ি প্রকল্পের মধ্যে সাড়ে তিন শ প্রকল্পে মড়ক দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা।
কী কারণে এই মড়ক দেখা দিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি মৎস্য বিভাগ। চাষিরা জানান, মড়কে আক্রান্ত চিংড়িঘেরের মাছ মরে ভেসে উঠছে।
চিংড়িচাষিরা জানান, আগস্টের শুরু থেকে চিংড়ি প্রকল্পগুলোতে মড়ক দেখা দেয়। এখন বেশির ভাগ চিংড়ি প্রকল্পে মড়ক চলছে। চাষিরা আরও জানান, অতিরিক্ত গরমে পানির তাপমাত্রায় তারতম্য ঘটার কারণে মূলত এই মড়ক দেখা দিয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
চিংড়িচাষি দরবেশকাটা এন্টারপ্রাইজের মালিক শহিদুল ইসলাম বলেন, চিংড়ি প্রকল্পে একেক সময় একেক রোগ ছড়িয়ে পড়ে। এবারের রোগটি সম্পর্কে এই অঞ্চলের চাষিদের আগে থেকে ধারণা না থাকায় তাঁদের ব্যাপক ক্ষতি হয়েছে।