চকরিয়ায় চ্যানেল আইয়ের প্রাক্-বাজেট আলোচনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ আয়োজিত প্রাক্-বাজেট নিয়ে তৃতীয় আলোচনা কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। চকরিয়ার ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জামিলা বেগম উচ্চবিদ্যালয়ে গত মঙ্গলবার রাতে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে কৃষকেরা লবণ চাষকে সরাসরি কৃষি খাতে নেওয়া, চিংড়ি চাষে সরাসরি প্রান্তিক কৃষকদের ভূমি ইজারা দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই প্রাক্-বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে কৃষকেরা চকরিয়াসহ গোটা পার্বত্য চট্টগ্রামে তামাক চাষের আগ্রাসনের কথা তুলে ধরেন। বোরো মৌসুমের উপকরণ প্রসঙ্গে কৃষকেরা অভিযোগ করেন, ডিলারদের কাছ থেকে ন্যায্যমূল্যে সার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অব্যাহত লোডশেডিংয়ের কারণে জমিতে সময়মতো সেচ দেওয়া যাচ্ছে না।পোলট্রি খামারিরা বিভিন্ন উপকরণের চড়া মূল্যের কথা তুলে ধরে বলেন, ব্যয় পুষিয়ে উঠতে না পারায় খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন খামারিরা। অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের নির্বাহী পরিচালক মো. মোসলেহউদ্দিন সাদেক, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।