চকরিয়ায় জমি নিয়ে বিরোধে একজন খুন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার চিরিঙ্গায় প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টায় জমি নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আক্তার হোসেন (৪৫) ও আবুল কাশেম (৪০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে।পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা স্টেশনপাড়া এলাকার কবির হোসেনদের বসতভিটার কিছু জমি নিয়ে নিকটাত্মীয় আবুল কাশেমদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষ গতকাল সকালে হামলা চালায়। এতে আবুল হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে দুই পক্ষের সঙ্গে একাধিকবার সংঘর্ষ হয়। তখন হামলায় আবুল হোসেনের বড় ভাই কবির হোসেনের দুই পা সম্পূর্ণ অচল হয়ে যায়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, আবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।