চকরিয়ায় ট্রলারভর্তি অর্ধকোটি টাকার মদের বোতল উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সাগর চ্যানেল থেকে গতকাল সোমবার দুপুর ১২টায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা ট্রলারবোঝাই এক হাজার ৯২৮টি বিদেশি মদের বোতল জব্দ করেছে। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৮টি বস্তায় ভরে এসব মদের বোতল মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার থেকে সমুদ্রপথে চকরিয়া আনা হচ্ছিল। তবে পাচারকারীদের ধরা সম্ভব হয়নি।অভিযানে নেতৃত্বদানকারী বদরখালীর কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা মো. খোশবার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, চকরিয়া-মহেশখালী সমুদ্র চ্যানেলে টহলের সময় ট্রলারটি সামনে পড়ে। এরপর ট্রলারটিকে থামতে বললে তা দ্রুতগতিতে উপকূলের দিকে ছুটতে থাকে। একপর্যায়ে মাতারবাড়ী-কুতুবদিয়া চ্যানেলের পাশে সমুদ্রের চরে ট্রলারটি তুলে দিয়ে পাচারকারীরা প্যারাবনে আত্মগোপন করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে মদের বোতলগুলো উদ্ধার করা হয়েছে।