চকরিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নবী হোসেন (৪৫) ও মো. কাইছার (২৮)। তাঁরা দুর্ঘটনাস্থলে নিহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। তাঁরা একই উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, সকালে ১৮ জন নির্মাণশ্রমিক নিয়ে একটি পিকআপ কক্সবাজারের ঈদগাহ এলাকায় যাচ্ছিল। সকাল আটটার দিকে বানিয়ারছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। পিকআপটি মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল ইসলাম বলেন, যানবাহন দুটি মাত্রাতিরিক্ত গতিতে চলছিল। তা ছাড়া বৃষ্টির কারণে মহাসড়কও পিচ্ছিল ছিল।
সার্জেন্ট মাইদুল বলেন, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুই চালক পালিয়েছেন।