চকরিয়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল ট্রাকচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে ট্রাকের চাপায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
নিহত চালক মো. মিলন মিয়ার (২৬) বাড়ি নওগাঁয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত দেড়টার দিকে শুঁটকিবোঝাই চট্টগ্রামমুখী একটি ট্রাক উত্তর হারবাং এলাকায় বিকল হয়ে পড়ে। এ সময় গাড়ির চালক মিলন মিয়া ও তাঁর সহকারী বাঁধন ইসলাম সড়কের পাশে গাড়িটি মেরামত করছিলেন। ওই সময় কক্সবাজারমুখী রডভর্তি একটি ট্রাক পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত বাঁধনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক ও তাঁর সহকারীকে চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে আটক করা ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তিনি জানান, কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মিলন মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।