চকরিয়ায় ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশ আহত, গ্রেপ্তার ১
কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কে গত শুক্রবার রাতে অবরোধ করে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে অন্তত ২০ সদস্যের একটি ডাকাত দল চকরিয়া-মহেশখালী সড়কের চৌয়ারফাঁড়ি এলাকায় অবরোধ করে যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়িতে (জিপ) ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় জিপযোগে টহলরত চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ যাত্রীবাহী জিপ মনে করে ডাকাতির চেষ্টা চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে অন্তত ৩০টি গুলিবিনিময় হয়। ডাকাতের গুলিতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন গুরুতর আহত হন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, ঘটনাস্থল থেকে রেজাউল করিম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।