চকরিয়ায় ড্যামের রাবার ছিঁড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতামুহুরী নদীর কক্সবাজারের চকরিয়া উপজেলার বাঘগুজারা রাবার ড্যামের রাবার ছিঁড়ে গিয়ে লবণাক্ত পানি ঢুকে পড়ছে নদীতে। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৭০ হাজার একর জমির ইরি-বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার রাতের আঁধারে রাবার ড্যাম তত্ত্বাবধায়কের সহযোগিতায় কোনাখালী ইউনিয়নের একটি চক্র ইঞ্জিনচালিত কয়েকটি বোট নিষেধাজ্ঞা অমান্য করে পারাপার করায় ড্যামের রাবার ছিঁড়ে গেছে। এ পরিস্থিতিতে চকরিয়া ও পেকুয়ার কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ার ঘটনায় পাউবোর কর্মকর্তারাও উদ্বিগ্ন। গত বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী ও চকরিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন রাবার ড্যাম পরিদর্শন করেছেন।
চকরিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন বলেন, ছিঁড়ে যাওয়া রাবার পুনঃসংযোগ করতে কাজ করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।