চকরিয়ায় তেলবাহী গাড়ির চাপায় পথচারী নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট স্টেশনে গতকাল শুক্রবার বেলা তিনটায় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী তেলবাহী গাড়ির চাপায় রবিউল আলম (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন।রবিউল উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার জামাল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ ওই তেলবাহী গাড়ি জব্দ ও চালক নুরুল হককে আটক করেছে। মালুমঘাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক সমীরণ বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি তেলবাহী গাড়ি মালুমঘাট স্টেশনে পথচারী রবিউল আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করলে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।সমীরণ বড়ুয়া আরও বলেন, নিহত রবিউল আলমের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।