চকরিয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গত শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগামী ৮ জুন ওই ইউনিয়নসহ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ভিলেজারপাড়ায় আচরণবিধি লঙ্ঘন করে জনসভার আয়োজন করেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন সিকদার। জনসভায় স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিমুল হককে গালমন্দ করা হয়। সভা শেষে রাত ১১টার দিকে নাসিরের সমর্থকেরা বাড়ি ফিরছিল। এ সময় আজিমুলের সমর্থকেরা তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে মো. আলী ও আজিজ উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন সিকদার জানান, জনসভা শেষে ফেরার পথে আজিমুল হকের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।অভিযোগ অস্বীকার করে আজিমুল হক বলেন, আচরণবিধি লঙ্ঘন করে আয়োজিত ওই জনসভায় নাসির উদ্দিন তাঁকে গালাগাল করেন। ওই ঘটনা নিয়ে নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যেই মারামারির ঘটনা ঘটে।গতকাল রোববার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, ওই জনসভায় নাসির উদ্দিনের এক সমর্থক আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজিমুল হককে গালাগাল করেন। ওই ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।