চকরিয়ায় দুই ডাকাত গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ব্লকের চিংড়িঘের থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে কুতুবদিয়া চ্যানেলে ফিশিং ট্রলার ডাকাতি ও ৩৬ জন মাঝিমাল্লা হত্যার অভিযোগ রয়েছে।গতকাল শনিবার ভোরে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামের নবী হোসেনের ছেলে মঞ্জুর আলম (২৬) ও একই গ্রামের মোক্তার আহমদের ছেলে জাকের আহমদ (৩০)।বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নেতৃত্বে সংঘবদ্ধ ডাকাত দল গত ২৪ মার্চ কুতুবদিয়া চ্যানেলে তিনটি ফিশিং ট্রলার ডাকাতি করে। এ সময় এসব ট্রলারের ৩৬ জন মাঝিমাল্লাকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় গত ১ এপ্রিল মামলা হয়।এসআই আরও বলেন, গত ২০ ফেব্রুয়ারি একই ডাকাত দল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর গ্রামের গোলাম রহমানের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ছিনতাই করে সন্দ্বীপের উডিরচরে নিয়ে যায়। পরে তারা ট্রলার-মালিকের কাছে মুঠোফোনে ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।মোজাম্মেল হক চৌধুরী বলেন, ওই মুঠোফোন নম্বরের সূত্র ধরে গতকাল ভোরে বদরখালীর চিংড়িঘের থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতেরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ডাকাতির অভিযোগে দুটিসহ চারটি ও কুতুবদিয়া থানায় ৩৬ জন মাঝিমাল্লা হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।