চকরিয়ায় দুদকের গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় দুর্নীতি দমন কমিশন ও টিআইবি-সনাকের যৌথ উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর শহরের বিজয়মঞ্চে ওই গণশুনানি হয়। এতে অংশ নেন ২২ জন ভুক্তভোগী।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দিন আহমেদ। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপনিবন্ধকের কার্যালয় ও পল্লী বিদ্যুৎ কার্যালয় নিয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম চকরিয়া উপনিবন্ধক কার্যালয়ের দুর্নীতি তুলে ধরে বলেন, ‘গত ২ সেপ্টেম্বর আমি একটি দলিল সম্পাদন করেছি। এ জন্য ব্যাংকের মাধ্যমে ২ লাখ ৫২ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু এই দলিল সম্পাদন করতে আমাকে আরও ৩৮ হাজার টাকা অতিরিক্ত দিতে হয়েছে। আমি সাব-রেজিস্ট্রারের সঙ্গে কথোপকথন রেকর্ডিংয়ের পর সিডি আকারে নিয়ে এসেছি। দুদকের হাতে আমি সেই সিডি হস্তান্তর করতে চাই।’
নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘চেয়ারম্যান সাহেব যে তথ্য দিয়েছেন, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’
চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে হয় না। কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিন পাওয়া যায় না।
জবাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, হাসপাতালের এক্স-রে মেশিন পাঁচ-ছয় বছর ধরে নষ্ট। এ জন্য কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে কুকুরের কোনো ভ্যাকসিন নেই।
ভুক্তভোগী মোহাম্মদ আলী অভিযোগ করেন, ৪৪ হাজার ১০৫ টাকা রশিদমূলে জমা দেওয়ার পরও বিদ্যুতের খুঁটি পাওয়া যাচ্ছে না। দ্রুত খুঁটি বসাতে হলে পল্লী বিদ্যুতের ঠিকাদার জাহাঙ্গীর আলম ১৫ হাজার টাকা দাবি করেছেন। একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন অভিযোগ করেন, প্রায়ই বিদ্যুৎ খরচ না করলেও ভুয়া বিল তৈরি করা হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের চকরিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আশরাফ উদ্দিন খান বলেন, ঘুষ দাবির জন্য জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নানা কারণে মিটার নষ্ট হয়। এ সময় বিল তৈরির ক্ষেত্রে একটু এদিক-ওদিক হয়। তবে পরে তা সংশোধনের সুযোগ রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে দুদক কমিশনার ছাড়াও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোহাম্মদ শামশুল আরেফিন, দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, আগামী নভেম্বর মাস থেকে প্রতিটি সরকারি দপ্তরে গণশুনানি হবে। তখন জবাবদিহি সৃষ্টি হবে।