চকরিয়ায় দুস্থ ও প্রতিবন্ধী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
কক্সবাজারের চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে দুস্থ ও প্রতিবন্ধী নারীদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করছেন। দুস্থ, গরিব ও প্রতিবন্ধী নারীদের বাছাই করে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হতে সহযোগিতা করা হচ্ছে। মাসব্যাপী এ সেলাই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ৩৫ জন। তাঁদের হাতে সেলাই মেশিন ও সনদ তুলে দেন অতিথিরা।