চকরিয়ায় দোকান কর্মচারী খুনের ঘটনায় মামলা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজারে দোকান কর্মচারী রিয়াজ উদ্দিন (১৫) খুনের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। গত রোববার রাতে রিয়াজ উদ্দিনের বড় বোন সাজেদা বেগম তিনজনকে আসামি করে ওই মামলা করেন।
রিয়াজ উদ্দিনের বাড়ি বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফতেহ আলী সিকদারপাড়ায়।
মামলার আসামিরা হলেন দোকানের মালিক আবদুল্লাহ আল হাসান ওরফে হাসান মওলা (৩২), তাঁর ভাই আবদুল্লাহ আল হারেছ (২৮) ও বাবা আবদুস সালাম (৬০)। মামলায় তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার সকালে দোকান থেকে ১১ হাজার টাকা চুরির অভিযোগে কর্মচারী রিয়াজকে লাথি মারেন দোকানের মালিক আবদুল্লাহ আল হাসান। এরপর রিয়াজ উদ্দিন বমি করতে থাকে। পরে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদী সাজেদা আকতার বলেন, রিয়াজকে প্রতিনিয়ত দোকানে মারধর করতেন আসামিরা। ঘটনার দিন সকালে টাকা চুরির অপবাদ দিয়ে দোকানের ভেতর রিয়াজকে মারধর করা হয়। তার অবস্থা খারাপ দেখে তার মুখে বিষ ঢেলে দেন আসামিরা। এরপর রিয়াজ বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হয়।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।