চকরিয়ায় নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম দিগর পানখালীর ১ নম্বর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুরহান (১৫) পশ্চিম দিগর পানখালী এলাকার মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে এবং মিরাজ উদ্দিন (১৪) একই এলাকার আবু ছালামের ছেলে।
গত ২৬ মার্চ রিয়াজউদ্দিন (১০) নামের একটি শিশু মাতামুহুরী নদীতে ডুবে মারা যায়।
চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, নুরহান চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও মোহাম্মদ মিরাজ উদ্দিন চকরিয়া মজিদিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, নুরহান ও মিরাজ উদ্দিন গতকাল সকালে বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলে। এরপর তারা মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। গোসল করতে নেমে নুরহান ও মিরাজ উদ্দিন নিখোঁজ হয়ে যায়। স্থানীয় লোকজন পানিতে নেমে জাল বসিয়ে ও নৌকা দিয়ে তাদের খুঁজতে থাকে। আধা ঘণ্টা পর একটু দূরে নুরহান ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মিরাজকেও উদ্ধার করেন। পরে দুজনকেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, দুই ছাত্রের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।