চকরিয়ায় নদীতে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে চকরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন আজিজ (১১) নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চিরিংগা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নয়ন আজিজের বাড়ি পৌরসভার ফুলতলায়। তার মা দিলুয়ারা বেগম বলেন, তাঁর চার ছেলে ও এক মেয়ের মধ্যে নয়ন আজিজ চতুর্থ। কোচিং শেষে বন্ধুদের সঙ্গে মাতামুহুরী নদীতে খেলতে গেলে তিনজন পানিতে ডুবে যায়। সেখান থেকে মোহাম্মদ ওসমান ও পুতু মিয়া উদ্ধার হলেও তাঁর ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধার হওয়া ওসমান ও পুতু মিয়াও চকরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। রাত আটটা পর্যন্ত নয়ন আজিজের খোঁজ মেলেনি।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল রামু থেকে রাত আটটায় এসে উদ্ধার অভিযান শুরু করেছে।