কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় গতকাল শুক্রবার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের ১৭ যাত্রী।
নিহত নুরুল আলমের (৩০) বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায়।
আহত ব্যক্তিরা হলেন মো. বেলাল (৪২), বিপ্লব (২৪), মো. সফিক (২), মিরাজ আহমদ (৩০), মো. ফারুক (৩১), আবুল কাশেম (৫৬), মিনহাজ উদ্দিন (৩), শাকের আহমদ (২৮), শাহরিয়ার মাহমুদ (২৫), নুরুল আবছার (৩১), মো. জুবাইর (২৬), ফাতেমা বেগম (২৮), তৌহিদুল ইসলাম (৪০), শাহেদা আকতার (২৯), সাথী মনি (২), আইয়ুব আলী (২৫) ও আমির মোহাম্মদ (৪০। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীরা জানান, দুপুর ১২টার দিকে বানিয়ারছড়া টেক এলাকায় কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, গাড়ি দুটি জব্দ করা হলেও চালকেরা পালিয়ে গেছেন।
রাঙামাটিতে চিকিৎসক আহত: রাঙামাটি অফিস জানায়, রাঙামাটি জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নীহার রঞ্জন নন্দী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে নীহার রঞ্জন নন্দী ব্যক্তিগত গাড়ি চালিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রামের রাউজান উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে চট্টগ্রাম ও রাঙামাটি জেলা সীমানার ঢালারমুখ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে রাউজানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে নীহার রঞ্জন নন্দীকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রাঙামাটির সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, নীহার রঞ্জন নন্দী মুখ ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন।