চকরিয়ায় ন্যাড়া পাহাড়ে ১ লাখ ২৫ হাজার চারা রোপণ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারের পাশের ন্যাড়া পাহাড়ে বিভিন্ন প্রজাতির ১ লাখ ২৫ হাজার চারা রোপণ করা হয়েছে। গত শুক্রবার থেকে চারা রোপণ শুরু হয়ে গতকাল শনিবার বিকেলে শেষ হয়।
চারা রোপণ উপলক্ষে বন বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাকারা বন কর্মকর্তা মোহাম্মদ আলাহ উদ্দিন, কাকারা সামাজিক বনায়ন কল্যাণ পরিষদের সভাপতি নাজেম উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল প্রমুখ। বন বিভাগ সূত্র জানায়, ওই পাহাড়ের ৫০ হেক্টর জায়গায় রোপণ করা চারা দেখাশোনা (উপকারভোগী) করবেন স্থানীয় ১২৫ জন ব্যক্তি।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন বলেন, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এর আগে এই বনের গাছ উজাড় হয়ে গেছে। উপকারভোগীদের পরিশ্রম ও আন্তরিকতা থাকলে এই বাগান সম্পদে পরিণত হবে।