চকরিয়ায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ
কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায়, সর্বদলীয় ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে মহাসড়কে ব্যারিকেড দেন। কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ মাসউদ জানান, দুই বছর ধরে চকরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ১৫ কিলোমিটার দূরের ডুলাহাজারা কলেজে। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। এ কারণে শিক্ষার্থীরা তাঁদের কেন্দ্র পৌর সদরের চকরিয়া মহিলা কলেজে স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ‘প্রশাসনের তরফ থেকে পরীক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।