কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে পাঁচ দিনে ১১৩টি গরুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় উপদ্রুত এলাকায় মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসা দিচ্ছে।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, খুরারোগের কারণে গরুর মৃত্যু হয়েছে। এটা ছোঁয়াচে। বর্ষা মৌসুমে এ রোগের প্রকোপ বেশি থাকে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টির কারণে মাতামুহুরী নদী থেকে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে ১১ ও ১২ জুন বিস্তীর্ণ এলাকার বসতঘর ডুবে যায়। ১৩ জুন বিকেলে বৃষ্টি কমলে লোকালয় থেকে পানি নামতে শুরু করে। ওই দিন রাত থেকে গরুর খুরারোগ দেখা দেয়। ১৪ জুন এক দিনে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ৩০টি গরু মারা যায়। সব মিলিয়ে ১৩ জুন রাত থেকে ১৮ জুন পর্যন্ত ১১৩টি গরু মারা গেছে।
ইউনিয়নের দক্ষিণপাড়ার বাসিন্দা নাছির উদ্দিন বলেন, তাঁর একটি বাছুরসহ তিনটি গরু মারা গেছে। ছোট বাছুরটির পেটে ঘা হয়। অন্য দুটির পায়ের খুর ও জিবে ক্ষত দেখা দেয়। রোগ আক্রান্ত হওয়ার এক দিনের মধ্যে তাঁর তিনটি গরু মারা যায়।
মানিকপুরের উত্তরপাড়ার বাসিন্দা রহিমা বেগম (৪০) বলেন, খুরারোগে তাঁর পাঁচটি গরুর মধ্যে দুটি মারা গেছে। অন্য তিনটির চিকিৎসা চলছে।
ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, গতকাল সোমবার ও গত শনিবার দুই দিনে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় গঠিত ভেটেরিনারি মেডিকেল টিম খুরারোগে আক্রান্ত দুই শতাধিক গরুকে চিকিৎসা দিয়েছে। তবে গতকাল সারা দিনে কোনো গরু মারা যাওয়ার খবর পাননি তিনি।
চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ফেরদৌসি আকতার প্রথম আলোকে বলেন, ‘মূলত বর্ষা মৌসুমে খুরারোগ দেখা দেয়। বন্যা রোগটির নিয়ামক হিসেবে কাজ করেছে। তবে সুরাজপুর-মানিকপুরে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে রোগটি শনাক্ত করার পর চিকিৎসা কার্যক্রম শুরু করেছি। এখন রোগটি নিয়ন্ত্রণে চলে এসেছে। অন্যান্য এলাকায়ও খুরারোগের চিকিৎসা চলছে।’
ফেরদৌসি আকতার বলেন, গরুর টিকা দেওয়া থাকলে এভাবে রোগটি ছড়িয়ে পড়ত না। এ জন্য কৃষকদের আরও বেশি সচেতন হতে হবে।