চকরিয়ায় পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড ডে মিল' চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা (মিড ডে মিল) চালু করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি প্রথমে করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার (ভুনা খিচুড়ি) বিতরণ করেন।
এর আগে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘শিক্ষার মান নিশ্চিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, চিরিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মিড ডে মিল’ কর্মসূচি গ্রহণ করেছেন।
চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চকরিয়া উপজেলায় ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে।
বিদ্যালয়গুলো হলো পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরিংগা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।