চকরিয়ায় পাহাড়ধস
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় গত সোমবার রাতে একটি পাহাড় ধসে পড়েছে। এতে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল মঙ্গলবার চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হোছাইন ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পাঁচটি বসতঘরের লোকজনকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেন।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু ইউছুফ প্রথম আলোকে জানান, পাহাড়ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। পাঁচটি বসতঘরের মধ্যে একটি পুরোপুরি ও চারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এনামুল হক জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাত ১০টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে।
কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, ইসলামনগর এলাকায় ২০-২৫টি পরিবার পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছিল। গতকাল পরিবারগুলোকে পূর্ব কৈয়ারবিল ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবাসন কমিউনিটি সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে।