চকরিয়ায় পাহাড়ধসের ঝুঁকিতে ১০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত তিন হাজার পরিবারের ১০ হাজার মানুষ টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের চরম ঝুঁকিতে রয়েছে। উদ্বিগ্ন এসব মানুষকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছন্যাকাটা, বানিয়ারছড়া, মাহমুদনগর, পাহাড়তলী, ভিলেজার পাড়া, হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া, শান্তিনগর, ফইজ্যার ডেবা, লম্বা ঘোনা, কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর, খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া, নয়াপাড়া, কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর, শাহ ওমরনগর, ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া, ছগিরশাহ কাটা, ছায়েরা খালী, ডুলাহাজারা ও বমু বিলছড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকায় অন্তত ১০ হাজার মানুষ চরম ঝুঁকিতে বসবাস করছে।১২ বছর ধরে এসব মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহ-ই আলম বলেন, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জে তিন হাজার ৩৪৫টি ও ফুলছড়ি রেঞ্জে তিন হাজার ৪৭১টি পরিবারসহ বন বিভাগের ছয়টি রেঞ্জে অন্তত ১২ হাজার পরিবার বসবাস করছে। তবে চরম ঝুঁকিতে রয়েছে দুই হাজার পরিবারের সাত হাজার মানুষ। পাহাড়ধসের ঝুঁকি থেকে এসব পরিবারকে উচ্ছেদে প্রশাসন উদ্যোগ নিলে বন বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এদিকে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং ও বরইতলী এলাকায় আরও এক হাজার পরিবারের তিন হাজার মানুষ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের ঢালুতে বসবাস করছে।
সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসরত বেশির ভাগ লোক দরিদ্র শ্রেণির। এরা অভাব-অনটনে জর্জরিত হয়ে ও নদীভাঙনের শিকার হয়ে মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে।
বরইতলী ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী বলেন, এসব পরিবারকে উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে এ মুহূর্তে তাঁদের মৃত্যুঝুঁকি থেকে বাঁচাতে হলে প্রশাসনকে জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নিতে হবে।
চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে গত শনিবার পাহাড়বেষ্টিত যেসব ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে, সেসব ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
২০১২ সালে বর্ষা মৌসুমে চকরিয়া উপজেলার হারবাং ও খুটাখালী ইউনিয়নে এক দিনে পাহাড়ধসে পাঁচজনের মৃত্যু ঘটে। একই বছর পার্শ্ববর্তী লামার ফাইতংয়ে পাহাড়ধসে ২৩ জন মারা যায়।