চকরিয়ায় পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে এক যুবক ভেসে গেছেন। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ রাজু (২৬)। তিনি বিএমচর ইউনিয়নের দিয়ারচর এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে মাতামুহুরী নদী দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো এলাকা প্লাবিত হয়েছে। রোববার সকালে আটারকুম এলাকায় একটি সড়ক সাঁতরে পাড়ি দেওয়ার চেষ্টা করেন রাজু। এ সময় তিনি স্রোতের তীব্রতায় ভেসে যান। এরপর স্থানীয় ২০ থেকে ৩০ জন লোক পানিতে নেমে খোঁজাখুঁজির পরও তাঁকে পাননি। বিকেল চারটা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।