চকরিয়ায় পিকনিকের বাস খাদে, নিহত ১ আহত ২৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী মাদ্রাসা গেট এলাকায় গতকাল মঙ্গলবার পিকনিকের বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
নিহত তপন চন্দ্র সরকার বাসের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলায়।
বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা মতিউর রহমান জানান, তিনিসহ কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ৫৩ জন নারী-পুরুষ বাস ভাড়া করে ৬ অক্টোবর কক্সবাজার বেড়াতে যান। গতকাল তাঁরা বগুড়া ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকেবরইতলী দাখিল মাদ্রাসা গেট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত আতাউর রহমান বলেন, দুর্ঘটনার সময় চালকের সহকারী তপন চন্দ্র সরকার বাস থেকে লাফ দেন। এ সময় তিনি বাসের নিচে চাপা পড়ে মারা যান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।