কক্সবাজারের চকরিয়ায় শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের একজন কনস্টেবলসহ বেশ কয়েকজন ডাকাত আহত হয়। পুলিশ দুটি দেশি বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার এবং ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের মোহামঞ্চদ সেলিম (৩০), নূর মোহামঞ্চদ (৩০), জহির আহমদ (৩৬), আবদুর রশিদ (৩২), জহির আহমদ (৫০) ও নূরুল আবচার (৩৫)। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. খালেকুজ্জামান বলেন, উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরা চিংড়িঘের এলাকায় সংঘবদ্ধ একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই এলাকায় পৌঁছানোর পরপরই ৪০-৪৫ জনের ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সহকারী পুলিশ সুপার বলেন, রাত সাড়ে ১২টা পর্যন্ত উভয় পক্ষে দুই শতাধিক গুলি বিনিময় হয়। এর মধ্যে পুলিশ প্রায় ২০টি গুলি করে। একপর্যায়ে দুটি দেশি বন্দুক ও তিনটি তাজা কার্তুজসহ পুলিশ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে। বন্দুকযুদ্ধের সময় পুলিশ কনস্টেবল মো. আরাফাত (২০) গুলিবিদ্ধ হন। তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন জানান, গ্রেপ্তার হওয়া ছয় ডাকাতের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।