চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় কাভার্ড ভ্যান ও জিপের (টাটা ম্যাজিক) মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রুবেল (১৩) নামের এক শিশু নিহত হয়। দুর্ঘটনায় জিপের আরও তিন যাত্রী আহত হন।
নিহত রুবেল হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকার আকতার হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাশেম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। গাড়ি দুটির চালক ও তাঁদের সহকারীরা পালিয়ে গেছেন। তিনি জানান, নিহত শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের মাইজঘোনা এলাকায় গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি চকরিয়ার দরগাহপাড়া এলাকায়।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন থেকে আবুল কাশেমকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।