চকরিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা করার অপরাধে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় ফুটপাত দখল করে ফলের ব্যবসা করার অপরাধে চারজনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইন উদ্দিন বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে যানজট ও দুর্ঘটনামুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেকোনো মূল্যে রমজান মাসের আগেই ফুটপাত দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখা হবে।