চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কি.মি. সড়ক, বিপাকে মানুষ
কক্সবাজারের চকরিয়া পৌরসভা এবং উপজেলার ১৮টি ইউনিয়নের প্রায় ২০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষকে হেঁটে অথবা নৌকায় চড়ে গন্তব্যে যেতে হচ্ছে।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, গত ২৬ জুন প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে মাতামুহুরী নদীর পানি উপচে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ লাখের বেশি মানুষের ঘরবাড়ি ডুবে যায়। এ সময় পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ও কয়েক হাজার একর ফসল ও শতাধিক মৎস্য প্রকল্প বিলীন হয়। ভেসে যায় কয়েক হাজার পুকুরের মাছ। এরপর ১৯ জুলাই দ্বিতীয় এবং ২৭ জুলাই তৃতীয় দফার বন্যায় আরও তিন হাজার বসতবাড়ি বিলীন হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক উপসড়কের প্রায় ২০০ কিলোমিটার ভেঙে যায়। ইতিমধ্যে কিছু সড়কের সংস্কারকাজ শুরু হলেও ৯০ শতাংশ সড়ক দুই মাস ধরে সংস্কারবিহীন পড়ে আছে। এতে প্রায় পাঁচ লাখ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।সরেজমিনে দেখা যায়, বন্যা ও পাহাড়ি ঢলে চকরিয়া পৌরসভার কোচপাড়া ও দিগরপানখালী এলাকায় দুটি অংশে ৫০০ ফুট পাকা সড়ক বিলীন হয়। দুই মাস ধরে এ এলাকার লোকজনকে ডিঙি নৌকায় চড়ে পারাপার হতে হচ্ছে।দিগরপানখালী গ্রামের বাসিন্দা মো. সেলিম (৪৮) বলেন, নৌকা পারাপারে মাথাপিছু নেওয়া হচ্ছে পাঁচ টাকা করে।স্থানীয় বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, দ্রুত সংস্কার না হওয়ায় পৌরসভার আমাইন্যাচর, বেতুয়া বাজার সড়ক, কাজীর পাড়া থেকে চৌয়ান্নারকুম, হালকাকারা, মৌলভীচর সড়ক, তরছঘাট, বাটাখালী সড়ক খানাখন্দকে ভরে গেছে। এসব সড়কে রিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারছে না।দেখা যায়, বন্যার পানি ও স্রোতে উপজেলার সুরাজপুর-মানিকপুর, কাকারা, সাহারবিল, হারবাং, কৈয়ারবিল, বরইতলী, কোনাখালী, পূর্ব বড় ভেওলাসহ ১৮ ইউনিয়নের অভ্যন্তরীণ অর্ধশতাধিক সড়ক বেহাল। এসব সড়কে পথচারীরা চলাফেরা করছে ঝুঁকি নিয়ে।সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত এবং যান চলাচলের অনুপযোগী ২০ কিলোমিটারের বেশি সড়ক মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছি। কিন্তু গত দুই মাসে সড়ক সংস্কারের ব্যাপারে সাড়া মিলছে না। ফলে ইউনিয়নের ৩০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৮টি ইউনিয়নের ১৮০ কিলোমিটার পাকা সড়ক, ২৫০ কিলোমিটার আধাপাকা এবং চার হাজার কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। তিন দফার বন্যায় প্রায় ২০০ কিলোমিটার পাকা, আধাপাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩০০ কিলোমিটার কাঁচা সড়ক। ৭০ থেকে ৮০টি কালভার্ট বিলীন হওয়ায় অনেক জায়গায় অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এলজিইডির উপজেলা প্রকৌশলী শরীফুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ সড়ক ও কালভার্ট মেরামতের জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, তিন দফা বন্যায় পৌর শহরের প্রায় ৩০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ বিলীন হয়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।