চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে নিহত ২
কক্সবাজারে চকরিয়া উপজেলার জাহালিয়ার ঢালায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি জিপের (টাটা ম্যাজিক) সংঘর্ষে এক চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মোজাম্মেল হক (৫০) ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রং মহল এলাকার অলক দে (৩০)।
পুলিশ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে একটি জিপ গাড়ি চকরিয়া থেকে যাত্রী নিয়ে লোহাগাড়া যাচ্ছিল। এটি জাহালিয়া ঢালায় পৌঁছালে বিপরীতমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে জিপ গাড়ির যাত্রী মোজাম্মেল হক ও অলক দে ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, জহুর আলম (৩৩), নুরন্নবী (২৪), শহিদুল ইসলাম (২৮)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
চিরিংগা মহাসড়ক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে গাড়ি দুটির চালকেরা পালিয়ে গেছেন। নিহত তিনজনের লাশ হাসপাতাল থেকে তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন।