চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ বুধবার বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় এ মাইক্রোবাসটি। ছবি: প্রথম আলো
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ বুধবার বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় এ মাইক্রোবাসটি। ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার বরইতলী ইউনিয়নের খয়রাতিপাড়ার কবির আহমদের ছেলে সালাহ উদ্দিন (৩৫), পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হেদায়তাবাদ এলাকার মনছুর আলীর ছেলে ছরওয়ার আলম (২৩) ও ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক।আহত লোকজনের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে চট্টগ্রামের আমিরাবাদ থেকে চকরিয়াগামী মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী শাহ আমিন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ছরওয়ার আলম ও অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই মারা যান। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান সালাহ উদ্দিন।

আহত লোকজনের মধ্যে রহিমা বেগম (৩৫), মোহাম্মদ নোমান (২৭), মাহবুবুর রহমান ওরফে সুজন (২৮), দুলাল দে (৩০), মো. সাকিব (২০), মো. সোহেল উদ্দিন (১৯), মুমিনুল হক (১৪), জামাল উদ্দিন (১৪), আক্কাছ আহমদ (৩৪), শেফায়েল উদ্দিনকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের মধ্যে মো. মিজান (২৮), মো. মানিক (৩০), লালু (২৮), চিত্ত রঞ্জন দাশ (২৭) ও নুরী (১৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা মহাসড়ক পুলিশের সার্জেন্ট উপপরিদর্শক মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।