চকরিয়ায় বাসের চাপায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লাল ব্রিজ এলাকায় গত শুক্রবার রাতে বাসের চাপায় চিত্তরঞ্জন বড়ুয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের উত্তর বড়ুয়াপাড়ার খোকন বড়ুয়ার ছেলে। হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহির উদ্দিন বাবর বলেন, টিআর ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৫০৮০) পরিবহনের যাত্রীবাহী একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হারবাং লাল ব্রিজ এলাকায় ওই যুবককে চাপা দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত দুইটায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার বেলা তিনটায় দুর্ঘটনাস্থল লাল ব্রিজ এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসচালককে গ্রেপ্তার, নিহত ব্যক্তির পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও লাল ব্রিজের দুই পাশে দুটি গতিরোধক দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন।