চকরিয়ায় বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরের খুলশীর বাসিন্দা ব্যবসায়ী আবুল বশর (৭৫), তাঁর স্ত্রী কোহিনূর বেগম (৬৫) ও মেয়ে নাছিমা আক্তার (৫০) এবং তাঁদের গাড়িচালক নয়ন (৪০)। নিহত বশরের ভাগ্নে মাইন উদ্দিন জানান, তাঁরা আটটি গাড়ি নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে হারবাং গ্রামে ইনানি রিসোর্ট রেস্টুরেন্টে ঢোকার সময় চট্টগ্রামগামী একটি মিনি চেয়ার কোচ মামা বশরের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। চকরিয়া থানার পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মিনি কোচটি আটক করেছে।চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হচ্ছে।