চকরিয়ায় ভালুকের দুটি বাচ্চা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে এই দুটি ভালুকের বাচ্চা উদ্ধার করা হয় l ছবি: প্রথম আলো
কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে এই দুটি ভালুকের বাচ্চা উদ্ধার করা হয় l ছবি: প্রথম আলো

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি ভালুকের বাচ্চা উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।

গত সোমবার রাত একটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের সাইট বক্স থেকে ভালুকের বাচ্চা দুটি উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেননি বনকর্মীরা।

নলবিলা বিট কাম চেক স্টেশনের বিট কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সাইট বক্সে একটি খাঁচা পাওয়া যায়। ওই খাঁচার মধ্যে ভালুকের বাচ্চা দুটি ছিল। বাচ্চাগুলোর বয়স ছয় থেকে সাত মাস এবং একটির ওজন ছয় কেজি করে।

মামুন মিয়া বলেন, পাচারকারী চক্র পার্বত্য অঞ্চলের কোনো এলাকা থেকে ভালুকের বাচ্চা দুটি ধরেছে। এরপর ঢাকায় পাচারের চেষ্টা করছিল তারা। তবে বনকর্মীদের কঠোর নজরদারির কারণে তা সম্ভব হয়নি। ভালুকের বাচ্চা দুটি ‘হিমালয়ান ব্ল্যাক বেয়ার’ প্রজাতির। এসব ভালুক সাধারণত পাওয়া যায় না।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন বলেন, ভালুকের বাচ্চা দুটি ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।