চকরিয়ায় মহাজন ও তাঁর দুই ছেলের মুক্তি দাবি
কক্সবাজারের চকরিয়ায় গ্রেপ্তার হওয়া মহাজন ও তাঁর দুই ছেলের মুক্তি এবং জব্দ করা বন্ধকি স্বর্ণ ফেরত দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা স্টেশনে মানববন্ধন করেছে সর্বদলীয় পরিষদ। এতে রাজনীতিবিদ ছাড়াও নয় শতাধিক ব্যবসায়ী ও গ্রাহক উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা জুয়েলারি মালিক সমিতির আহ্বায়ক হারাধন দাশের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাতামুহুরীর সাংগঠনিক থানা আ.লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, সাংবাদিক জাহেদ চৌধুরী, পৌর কাউন্সিলর লক্ষ্মণ দাশ, উপজেলা জুয়েলারি মালিক সমিতির সাবেক সভাপতি রতন বরণ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সুলাল কান্তি সুশীল, বর্তমান আহ্বায়ক হারাধন দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক নারায়ণ দাশ, রূপন ধর, নেপাল দাশ প্রমুখ।