চকরিয়ায় পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ঢাকা রায়েরবাগ এলাকার আসাদুজ্জামান বাপ্পির স্ত্রী কুলসুমা আকতার (২৭), শ্যালিকা আয়েশা আকতার (২৫), গাড়িচালক ও ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা আমির হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ এগিয়ে গিয়ে মাইক্রোবাসটির সব যাত্রীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহত কুলসুমার স্বামী আসাদুজ্জামান বাপ্পি প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাতে একটি মাইক্রোবাসে করে তাঁরা ১২ জন কক্সবাজারে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেন। আজ ভোরে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি গয়ালমারা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।

আসাদুজ্জামান বাপ্পি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আরও কিছুদিন পর কক্সবাজার যেতে চেয়েছিলাম। কুলসুমা বায়না ধরাতে গতকালই কয়েকজন মিলে মাইক্রোবাস ভাড়া করে রওনা দিই। কিন্তু পথের মধ্যে আল্লাহ কুলসুমাকে কেড়ে নিয়েছে।’

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম দুর্ঘটনার তথ্য তুলে ধরে বলেন, পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চারজন মারা গেছেন। তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। মাইক্রোবাসটি জব্দ করা রয়েছে। নিহত আমির হোসেন মাইক্রোবাসের চালক ছিলেন বলে নিশ্চিত করেন তিনি।